মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি পরিত্যক্ত লাগেজ থেকে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুর প্রায় ১২টা ৪০ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার পুলিশ অভিযান চালায়। এসময় মনসুরাবাদ সাকিনস্থ জাহাঙ্গীর মোল্লার গ্যারেজের পাশে, মনসুরাবাদ বাসস্ট্যান্ড হইতে হোগলা কান্দিগামী পাকা রাস্তার উপর ফেলে রাখা একটি পুরাতন লাগেজ উদ্ধার করা হয়।
পরে লাগেজটি খুলে দেখা যায়, এর ভেতরে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ বস্তু রয়েছে। তবে বোমাগুলোর মালিক বা বহনকারী কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে কেউ এসব বোমা সেখানে ফেলে রেখে গেছে। এলাকায় পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।